জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের রশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক ফ্লাড সেন্টার (বন্যা আশ্রয়কেন্দ্র) নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-প্রকল্প পরিচালক মো. কামরুল আহসান, জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস বুলবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশাররফ হোসেন, বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহসিন মুর্তুজা চৌধুরী টিপুসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুফতী আবুল হাসান বলেন, ফ্লাড সেন্টারটির নির্মাণকাজ শেষ হলে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বারঠাকুরী ইউনিয়ন ও আশপাশের এলাকার মানুষ নিরাপদ আশ্রয় পাবেন। দুর্যোগকালীন সময়ের বাইরে ভবনটি রশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হবে। তিনি নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply