সিলেটের জকিগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামি গ্রেপ্তার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। একই সঙ্গে চোরাচালান ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতেও কাজ করছে পুলিশ।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ( ১৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জকিগঞ্জ থানার একটি আভিযানিক দল উপজেলার ২ নম্বর বিরশ্রী ইউনিয়নের কাদিপুর এলাকায় অভিযান চালায়। এ সময় পলাতক আসামি এনাম উদ্দিনের বসতবাড়ির সামনের পাকা সড়ক থেকে ৫০ পিস ইয়াবাসহ জুবেল আহমদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুবেল আহমদ জকিগঞ্জ উপজেলার ১ নং বারহাল ইউনিয়নের বোরহানপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
এ ঘটনায় জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply