সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩ নম্বর কাজলসার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চারবারের নির্বাচিত ইউপি সদস্য আব্দুস সালামের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৪টায় কাজলসার ইউনিয়নের আটগ্রাম বাসস্টেশনে বৈরী আবহাওয়া উপেক্ষা করে স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মাওলানা শিহাব উদ্দিনের সঞ্চালনায় ও উস্তার হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আব্দুল মালেক আনিস, মকবুল ইসলাম মখই মিয়া, মাওলানা আব্দুল বাসিত, জৈন উদ্দিন মেম্বার, ছনুহর আলী ছনু মেম্বার, ফারুক আহমেদ ফুরুক মেম্বার, আব্দুল কুদ্দুস বুদুর মেম্বার ও সড়কের বাজারের ব্যবসায়ী দেলওয়ার হোসেন দুলু।
বক্তারা জানান, ২০১৯ সালের ৯ নভেম্বর আব্দুল মান্নান বুতুল বিষপানে মারা যান। এ ঘটনায় সিআর ১৬৭ ২০১৯ নম্বর মামলা দায়ের করা হয়। মানববন্ধনে বক্তারা দাবি করেন, মামলাটি একাধিকবার তদন্ত করা হলেও সাক্ষীদের বক্তব্যে আব্দুস সালামের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তাদের ভাষ্য অনুযায়ী, নিহত ব্যক্তি পারিবারিক কলহের জেরে বাড়ি থেকে বের হয়ে হাঁস মুরগি বিক্রি করে বিষ ও মিষ্টি কিনেছিলেন। পরে বাইরে বিষপান করে বাড়িতে ফিরে মিষ্টি খাওয়ার পর নিজেই বিষপানের কথা জানান। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম ঘটনাস্থলে গিয়ে তাঁকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা না পাওয়ায় স্থানীয়দের সহযোগিতায় তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা প্রশ্ন তোলেন, তদন্তে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়া সত্ত্বেও কীভাবে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো। তারা দাবি করেন, বিষয়টি পুনরায় নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক।
বক্তারা আরও বলেন, আব্দুস সালাম দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বারবার জনগণের ভোটে নির্বাচিত হওয়াই তাঁর জনসম্পৃক্ততার প্রমাণ। মানববন্ধনে বিপুল মানুষের উপস্থিতিও তাঁর প্রতি সাধারণ মানুষের আস্থার প্রতিফলন বলে তারা মন্তব্য করেন।
এ সময় বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা প্রত্যাহার এবং হয়রানিমূলক মামলা বন্ধের দাবি জানান।
উক্ত মানববন্ধনে কাজলসার ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply