সিলেটের জকিগঞ্জে একটি বাড়িতে ঢুকে দুই ব্যক্তিকে বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা ও মুঠোফোন লুট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের শাহবাগ মহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের দাবি, লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য ১০ লাখ ৬০ হাজার টাকা। তাঁদের অভিযোগ, প্রায় প্রতিবছরই বাড়িটিতে ডাকাতির ঘটনা ঘটছে।
ভুক্তভোগীদের ভাষ্য, ৬-৭ জনের একটি দল বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাড়িতে থাকা মাওলানা কমর উদ্দিন ও সিরাজুল ইসলামকে বেঁধে ফেলে দুর্বৃত্তরা। পরে পাঁচ ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকা ও চারটি মুঠোফোন নিয়ে যায় তারা।
ভুক্তভোগীরা জানান, দুর্বৃত্তরা সিলেটি ভাষায় কথা বলছিল। যাওয়ার সময় মামলা করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তারা। ডাকাত দলের একজন দাবি করে, এর আগেও ওই বাড়িতে একাধিকবার ডাকাতির ঘটনায় সে জড়িত ছিল। একটি মুঠোফোন বাড়ির আশপাশে খুঁজে পাওয়া যাবে বলেও জানিয়ে যায় দুর্বৃত্তরা।
তিন দিক হাওরবেষ্টিত বাড়ি
বাড়ির বাসিন্দাদের অভিযোগ, প্রায় প্রতিবছরই তাঁদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটছে। সিলেট–জকিগঞ্জ সড়কের পাশে বাড়িটির অবস্থান হলেও এর তিন দিক হাওরবেষ্টিত। তাঁদের ধারণা, ডাকাতেরা হাওর দিয়ে সহজেই বাড়ির কাছে এসে প্রবেশ করতে পারে। বারবার এমন ঘটনায় পরিবারটির মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
খবর পেয়ে জকিগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে দেখে এসেছেন। ডাকাতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
জকিগঞ্জ পৌর বিএনপির সহসভাপতি মুনিম আহমদ বলেন, এর আগেও ওই বাড়িতে কয়েকবার ডাকাতির ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে এলাকায় একের পর এক ডাকাতির ঘটনা ঘটলেও অপরাধীদের গ্রেপ্তার করা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
মুনিম আহমদ আরও বলেন, মাওলানা কমর উদ্দিন তাঁর বড় বোনের স্বামী। আগামী ২২ অক্টোবর কমর উদ্দিনের পরিবারের ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার প্রস্তুতি ছিল। এর মধ্যে বাড়িতে ডাকাতির ঘটনায় পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছে।
একই বাড়িতে বারবার ডাকাতির অভিযোগ এবং এলাকায় ধারাবাহিক অপরাধের ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Leave a Reply