1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান

জকিগঞ্জে গেল বছর জুড়ে ১০টি বিষয় ছিল আলোচিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিয়েছে আরও একটি বছর। ২০২৫ সাল শেষে দেখা দিল ২০২৬ সালের নতুন দিনগুলো। সদ্য বিদায়ী বছরে সিলেটের সীমান্ত জনপদ জকিগঞ্জে ঘটে গেছে নানা আলোচিত ঘটনা। সেসব ঘটনায় নাড়া দিয়েছিল সারা জেলা তথা দেশের মানুষের মনে। কিছু ঘটনা উজ্জীবিত করেছে, কিছু ঘটনা কাঁদিয়েছে গোটা উপজেলার মানুষকে। আবার কিছু ঘটনা নিয়ে এখনও চলছে নানা আলোচনা- সমালোচনা। ২০২৫ সালে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু ঘটনা ঘটেছে। জকিগঞ্জ উপজেলার এরকম আলোচিত দশটি ঘটনা ও বিষয় নিয়ে এ আয়োজন।
০১. আল্লামা মুকাদ্দাস আলী (রহ.)-এর মৃত্যু ও আলোচিত জানাজা:
গেল বছরের ৮ জানুয়ারী লক্ষাধিক ছাত্র ও ভক্তবৃন্দকে ছেড়ে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে যান উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী (রহ.)। জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের বারগাত্তা গ্রামের বাসিন্দা আল্লামা মুকাদ্দাস আলী দীর্ঘ ৬৬ বছর থেকে শায়খুল হাদীস হিসাবে হাদীসের দারস দিয়ে আসছিলেন। স্থানীয় মুনশীবাজার মাদ্রাসার মুহতামীম ছাড়াও তিনি এ প্রতিষ্ঠানে শিক্ষকতা করে আসছিলেন ৮৫ বছর থেকে। তাঁর মৃত্যুতে পুরো সিলেট তথা দেশের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সোনাসার সংলগ্ন একটি হাওরে তাঁর জানাজায় কয়েক লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছিলেন। জকিগঞ্জে তাঁর মৃত্যু ও জানাজা ছিল গেল বছরের আলোচিত একটি বিষয়।
০২. সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙন ও বিএসএফের বাঁধা:
গেল বছরের ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ থেকে জকিগঞ্জের সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙন এবং নদীর প্রতিরক্ষাবাঁধ নির্মাণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাঁধা প্রদান ও গুলি’র হুমকির প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেন জকিগঞ্জবাসী। বিষয়টি নিয়ে উত্তেজনা দেখা দেয় দেশের উত্তরপূর্বাঞ্চলের সর্বস্তরের মানুষ মাঝে। বর্ষা মৌসুমে বন্যার পানিতে সিলেটবাসীকে ডুবিয়ে দেয়ার চক্রান্ত বন্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠে জকিগঞ্জবাসী। এ নিয়ে দল-মত, শ্রেণী-পেশা নির্বিশেষে সকল মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জনগণের অংশ গ্রহণে সিলেট এবং জকিগঞ্জে পৃথক পৃথক সভা-সমাবেশ ও প্রতিবাদ তীব্র আকার ধারণ করে। এ বিষয়টি গেল পুরো বছর জুড়ে সিলেট তথা পুরো দেশের মিডিয়ায় আলোচিত ছিল।
০৩. দালালের হাতধরে সৌদি আরব গিয়ে নির্মম নির্যাতনে নিহত আব্দুস সামাদ:
গেল বছরে জকিগঞ্জে দালালের হাতধরে সৌদি আরবে গিয়ে আব্দুস সামাদ নামের এক যুবক ২৪ মে নিহত হয়। সে জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামের আব্দুল মতিনের ছেলে। ওই যুবকের মৃত্যুর ঘটনা এবং দেশে লাশ ফেরত নিয়ে আসাকে কেন্দ্র করে চরম উদ্বেগ উৎকন্ঠায় পড়ে পরিবারের লোকজন ও এলাকাবাসী। এ ঘটনায় সভা-সমাবেশ ও মানববন্ধন করে এলাকাবাসী। পরে দালালদের মাধ্যমে দেশে ফেরত আসে যুবক আব্দুস সামাদের নিথর দেহ। দাফন করেন আত্মীয়-স্বজন ও এলাকাবাসী। বিষয়টি ছিল তখনকার সময়ে জকিগঞ্জের আলোচিত এক ঘটনা।
০৪. ব্যবসায়ী নোমান উদ্দিন সহ একাধিক খুনের ঘটনা:
গেল বছরে জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের বাসিন্দা ও কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যার ঘটনাসহ একাধিক হত্যার ঘটনা ছিল আলোচিত। গত ১ অক্টোবর বিকেলে কালিগঞ্জ বাজারের পার্শ্ববর্তী শায়লা স্মৃতি হাসপাতালের পেছনে ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয় ব্যবসায়ী নোমান উদ্দিনের। লাশ উদ্ধারের দু’দিন আগে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় পুরো জকিগঞ্জ জুড়ে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল। ঘটনার রহস্য উদঘাটন ও আসামীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে উঠে পুরো জকিগঞ্জ। বিষয়টি পুরো দেশ জুড়ে আলোচিত ছিল। এর আগে জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের সমসখানী (খালপার) গ্রামের খলিলুর রহমানের ছেলে সুহেল আহমদ পাওনা টাকাকে কেন্দ্র করে ৮ জুলাই চিকিৎসাধীন অবস্থায় নিহত হন। ১৯ জুলাই ভারতের করিমগঞ্জ থেকে জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের মৌলভীচক গ্রামের মিরাশী বাড়ির মৃত ইব্রাহিম আলীর ছেলে আব্দুল মালিকের লাশ উদ্ধার করে ফেরত নিয়ে আসা হয়। ২ আগস্ট জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের বড়বন্দ এলাকায় কৃষি জমি থেকে পার্শ্ববর্তী কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়চাতল গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে বৃদ্ধ মাহমুদ আলীর লাশ উদ্ধার করা হয়। ৫ আগস্ট জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের এওলাসার গ্রামের রাস্তার পাশের একটি ডোবা থেকে একজন অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ৩১ আগস্ট রোববার ভোরে জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের আইওর গ্রামের মাওলানা আব্দুল গফ্ফারের স্ত্রী রহিমা বেগম সিলেট নগরীর খাদিম এলাকায় একটি বাসায় নিজের মানসিক ভারসাম্যহীন ছেলের ছুরিকাঘাতে নিহত হন। ১৬ জুলাই বুধবার ভোরে জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের পরচক গ্রামের শফি আহমদ চৌধুরী সুমনের স্ত্রী নিশাত ফাতেমা চৌধুরীকে সিলেট নগরীর বালুচর বাসায় আঘাত করে হত্যা করে। এসব খুনের ঘটনা পুরো সিলেট তথা দেশ জুড়ে নানাভাবে আলোচিত ছিল।
০৫. গণধর্ষণ ও ধর্ষণের ঘটনা:
গেল বছরে সবচেয়ে আলোচিত ধর্ষণকান্ড ছিল জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের শাহগলি বাজারের পার্শ্ববর্তী ফারুক মিয়ার পরিত্যক্ত আদিম ব্রিক ফিল্ডে ঘটে যাওয়া স্থানীয় বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী, নিদনপুর গ্রামের একটি মেয়ের সাথে। ওই মেয়েকে সুযোগে পাঁচজন মিলে ব্রিক ফিল্ডের চুঙ্গার নীচে পরিত্যক্ত জায়গায় নিয়ে গণধর্ষণ করার পর তা ধাঁমাচাপা দেয়ার চেষ্টা করে। এতে উত্তপ্ত হয়ে উঠে পুরো উপজেলা। আসামি গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সভা ও মানববন্ধন করেন এলাকাবাসী। বিষয়টি পুরো সিলেট তথা দেশ জুড়ে আলোচিত ছিল। এছাড়াও জকিগঞ্জে বাবার হাতে মেয়ে ধর্ষণের মতো বেশ কিছু অভিযোগ ছিল আলোচিত।
০৬. সড়ক দূর্ঘটনা:
গেল বছর জকিগঞ্জে সড়ক দূর্ঘটনার বিষয়টি ছিল সবচেয়ে আলোচিত একটি বিষয়। সর্বশেষ গত ২৩ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের আটগ্রাম বাসস্টেশনের পাশে সিলেট-জকিগঞ্জ সড়কে ট্রলি চাঁপায় স্থানীয় কাজিরপাতন গ্রামের মরহুম হাফিজ ইলিয়াছ আলী (ইলাই মিয়া)’র ছেলে হাফিজ বদরুল ইসলাম নিহত হন। ১০ নভেম্বর সোমবার বিকাল ৩ ঘটিকার দিকে জকিগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের মুমিনপুর গেইটের সামনে সিলেট-জকিগঞ্জ সড়কে ব্যাটারী চালিত টমটমের ধাক্কায় স্থানীয় মুমিনপুর গ্রামের আব্দুস ছালাম (ছলন মিয়া)’র শিশু ছেলে রাইয়ান আহমদ নিহত হয়। ৭ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের চেকপোস্ট সংলগ্ন সিলেট-জকিগঞ্জ সড়কে মোটর সাইকেল দূর্ঘটনায় পার্শবর্তী ৭নং বারঠাকুরী ইউনিয়নের উত্তর বারগাত্তা গ্রামের মৃত হাফিজ আব্দুল মালিকের ছেলে মোঃ আবুল হাসান সাঈদ আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৩ সেপ্টেম্বর মৃত্যু বরণ করে। ২৫ আগস্ট সোমবার বিকাল ৫ ঘটিকার দিকে জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের কালিগঞ্জ বাজারের পশ্চিমে গ্রামীণ ব্যাংকের সামনে সিলেট-জকিগঞ্জ সড়কে একটি পিকআপের ধাক্কায় স্থানীয় খলাদাফনিয়া গ্রামের হাবিবুর রহমান হাবিবের শিশু মেয়ে ইকরা রহমান নিহত হয়। ৮ আগস্ট শুক্রবার বিকাল ৩ ঘটিকায় সিএনজি অটোরিকশায় করে মা-বাবার সাথে চিকিৎসার জন্য যাওয়ার পথে সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রাম এলাকার নওয়াগ্রামে বিপরীত দিক থেকে আসা একটি এলপি গ্যাস ট্যাঙ্ক ট্রাকের ধাক্কায় নিহত হন স্বপন বিশ্বাস (২২)। তিনি জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের পল্লীশ্রী এলাকার তিরাশী (দক্ষিণপাড়) গ্রামের বরেন্দ্র বিশ্বাসের ছেলে। একইদিন বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট থেকে চিকিৎসা শেষে সিএনজি অটোরিকশা নিয়ে বাড়ি ফেরার পথে সিলেট-জকিগঞ্জ সড়কের কাঠলিপুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হন সিএনজি চালক আশরাফ আহমদ (৪২)। নিহত আশরাফ আহমদ জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের নিদনপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। ১৮ জুলাই, শুক্রবার বিকেলে জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের পিল্লাকান্দী গ্রামের জামাল উদ্দিন জামুল মিয়া (৫০) নামের একজন মাছ বিক্রেতা পার্শ্ববর্তী বাবুর বাজারে মাছ বিক্রি করতে যাওয়ার পথে সিলেট-জকিগঞ্জ সড়কের সুলতানপুর ইউনিয়ন অফিসের পাঁশে ব্যাটারী চালিত ইজিবাইক উল্টে প্রাণ হারান। ১৮ জুন, বুধবার বিকেলে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস (হাইয়েস) কনে নিয়ে বরের বাড়ি ফেরার পথে সিলেট-জকিগঞ্জ সড়কের কসকনকপুর ইউনিয়ন অফিস সংলগ্ন হানিফগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বিদ্যুৎ চালিত অটোরিকশা (টমটম)কে ধাক্কা দিলে ঘটনাস্থলেই টমটম চালক শাহাব উদ্দিন সাবু (৪৮) নিহত হন। তিনি জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের হাসিতলা (রাড়িগ্রাম)-এর মৃত শফিকুর রহমানের ছেলে। এ সময় বরের গাড়িতে থাকা বর-কনেসহ ৫/৬ জন আহত হন। আহতদের মধ্যে এক শিশু ১৯ জুন, বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। নিহত আব্দুল্লাহ আল মুরসালিন জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের শাহজালালপুর (পুরকায়স্থ বাড়ি) গ্রামের ছাব্বির আহমদের ছেলে। ১৫ জুন, শনিবার সকালে জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের কচুয়া গ্রামের চার কন্যা সন্তানের জননী হোসনা বেগম পার্শ্ববর্তী শাহবাগ বাসষ্টেশনে বিকাশ থেকে টাকা বের করে সড়ক পারাপারের সময় একটি দ্রুত গতির সিএনজি অটোরিকশা ধাক্কায় প্রাণ হারান। নিহত হোসনা বেগম কচুয়া গ্রামের রকিব আলীর স্ত্রী ও একই উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের গোটারগ্রামের শামসুল হকের মেয়ে। ২৬ মে, সোমবার গভীর রাতে ট্রাক নিয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বাসের ধাক্কায় ট্রাক চালক হারিছ আহমদ (৩০) প্রাণ হারান। নিহত হারিছ আহমদ জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের দক্ষিণ খলাদাপনিয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। ৬ মে, মঙ্গলবার বিকালে সিলেট থেকে মোটর সাইকেলে করে নিজের বিয়ের মালামাল নিয়ে বাড়ি ফেরার পথে সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রামের পশ্চিমে মাদাননগর এলাকায় একটি গাড়ি অভারটেক করতে গিয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারান হোসাইন আহমদ বাবুল (২৪) নামের এক যুবক। নিহত হোসাইন আহমদ (বাবুল) জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউপির শীতলজুড়া গ্রামের মখলিছুর রহমান তাপাদারের ছেলে। ১৫ এপ্রিল, মঙ্গলবার বিকালে সিলেট-জকিগঞ্জ সড়কের থানাবাজারের পার্শ্বে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তাসনিয়া পারভীন জুই (২৮) নামের এক স্কুল শিক্ষিকা প্রাণ হারান। নিহত ওই স্কুল শিক্ষিকা জকিগঞ্জ সদর ইউনিয়নের লালোগ্রামের অবসরপ্রাপ্ত বিডিআর সুবেদার আমিনুল হক বাচ্চুর বড় মেয়ে ও স্থানীয় একটি কিন্ডারগার্ডেনের শিক্ষকা ছিলেন। ২৯ মার্চ, শনিবার রাতে সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রাম বাসষ্টেশনের পশ্চিমে নওয়াগ্রাম এলাকায় একটি মিশুক রিকশা ঘুরাতে গিয়ে বেপরোয়া গতির একটি মাইক্রোবাস (নোহা) গাড়ি’র ধাক্কায় মিশুক চালক আবুল কালাম (৪৫) প্রাণ হারান। নিহত আবুল কালাম পার্শ্ববর্তী কানাইঘাট উপজেলার ৩নং দিঘিরপার পূর্ব ইউনিয়নের পশ্চিম রাজপুর গ্রামের বাসিন্দা। ৪ মার্চ, মঙ্গলবার বিকেলে জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের নওয়াগ্রামের অটোরিকশা (টমটম) চালক ফয়ছল আহমদ (ফটল) সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রাম বাস স্টেশনের পশ্চিমে মাদাননগর যাত্রী ছাউনীর পাঁশে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সাথে ধাক্কা লেগে প্রাণ হারান। ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকালে জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের জামুরাইল গ্রামের সুহেল আহমদের ছেলে আব্দুল্লাহ আল রাহিদ বাড়ির পাঁশে ট্রলি (ট্রাক্টর)-এর নীচে পড়ে প্রাণ হারায়। সে স্থানীয় মদীনাতুল উলুম দারুসসুন্নাহ মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্র ছিল। ৮ ফেব্রুয়ারি, শনিবার বিকেলে সিলেট থেকে বাড়ি ফেরার পথে সিলেট-জকিগঞ্জ সড়কের আলমপুর নামক স্থানে এক মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় সিজান আল আমিন (১৮) নামের এক যুবক গুরুতর আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৯ ফেব্রুয়ারি, রোববার রাতে মৃত্যু বরণ করে। নিহত সিজান আল আমিন জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের মঙ্গলসার গ্রামের আলাউদ্দীন (আলাই ড্রাইভার)-এর ছেলে। ২৪ জানুয়ারী শুক্রবার রাতে সিলেট-জকিগঞ্জ সড়কের কলাকুটা এলাকায় সড়কের পাঁশে পড়ে থাকা গাছের ঢাল ঠেলাগাড়ি দিয়ে আনতে গেলে একটি মোটর সাইকেল ধাক্কা দিলে নাসির আহমদ (৩০) নামের এক যুবক প্রাণ হারান। তিনি জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউপির কলাকুটা গ্রামের সাখাওয়াত আলীর ছেলে। ১৯ জানুয়ারী, রোববার সকালে জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের জুবায়ের খাঁনের ছয় বছরের শিশু ইউসুফ খাঁন মায়ের সাথে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের যাওয়া পথে সিলেট-জকিগঞ্জ সড়কের বাবুর বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। ৪ জানুয়ারী, শনিবার রাতে সিলেট থেকে বাড়ি ফেরার পথে সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রাম বাসষ্টেশনের পাঁশে ট্রাক ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে কাজী কমর উদ্দিন নামের এক বৃদ্ধ নিহত হন। নিহত কাজী কমর উদ্দিন (কমই মিয়া) উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের বিয়াবাইল গ্রামের (নালুহারা) ফুলেরদিঘীর মৃত ময়না মিয়ার ছেলে। এছাড়াও আরও অনেক বিচ্ছিন্ন সড়ক দূর্ঘটনার বিষয়টি গেল বছর জুড়ে আলোচনায় ছিল।
০৭. দুর্ঘটনা ও অস্বাভাবিক মৃত্যু এবং আত্মহত্যা:
গেল বছরে নানা আলোচিত বিষয়ের পাশাপাশি দূর্ঘটনায় মৃত্যু, পানিতে ডুবে মৃত্যু ও আত্মহত্যা সহ নানা অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি আলোচিত ছিল। সর্বশেষ গত ২৯ ডিসেম্বর সোমবার বিকাল ৩ ঘটিকার দিকে জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের মাঝরগ্রামের মৃত মাওলানা আব্দুস সামাদের ছেলে আব্দুস শহীদ কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু বরণ করেন। ২৩ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ২ ঘটিকার দিকে জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের পূর্ব শাহজালালপুর গ্রামে শাহিন আহমদ (কঠাই মিয়া)’র শিশু সন্তান সাজেদ আহমদ পরিবারের সবার অগোচরে পুকুরে ডুবে মারা যায়। ২১ সেপ্টেম্বর রোববার মধ্যরাতে জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের পশ্চিম জামডহর গ্রামের বীরমুক্তিযোদ্ধা ছকিন আলীর ছেলে সুনাম উদ্দিন কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজর পর লাশ উদ্ধার করা হয়। ১৭ সেপ্টেম্বর বুধবার জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের বালিটেকা গ্রামের মৃত রজিব আলীর ছেলে হাশিম আলী উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের মরিচা সংলগ্ন সুরমা নদীতে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে ফেরারপথে নৌকা ডুবে নিখোঁজ হওয়ার পর কানাইঘাট উপজেলার মমতাজগঞ্জ এলাকায় সুরমা নদীতে তাঁর লাশ ভেসে উঠে। ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের শাহগলি বাজার সংলগ্ন গুচ্ছগ্রামের বাসিন্দা সুনু মিয়ার ছেলে আনোয়ার মিয়া স্থানীয় সুরমা নদীতে লাকড়ি তুলতে গিয়ে নিখোঁজের পর গোলাপগঞ্জ উপজেলার চৌঘরী এলাকার সুরমা নদী থেকে লাশ উদ্ধার করা হয়। ২৫ আগস্ট সোমবার বিকাল ২ ঘটিকার দিকে জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের বালাউট (কাজলসার) গ্রামের সাব্বির আহমদের শিশু ছেলে মারজান আহমদ খেলতে গিয়ে পরিবারের সবার অগোচরে পুকুরে ডুবে নিহত হয়। ২২ আগস্ট শুক্রবার সকাল ১১ ঘটিকার দিকে জকিগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের রারাইগ্রামের ময়নুল হকের শিশু মেয়ে খাদিজা বেগম পুকুরে ডুবে নিহত হয়। ২৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের শরীফগঞ্জের আনন্দপুর গ্রামের মৃত আকদ্দস আলীর ছেলে ফার্ণিচার ব্যবসায়ী হারুন রশীদ গলায় ওড়না পেচিয়ে গভীর রাতে আত্মহত্যা করেন। ৬ অক্টোবর সোমবার সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের পরচক গ্রামের আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর কলেজ পড়ুয়া মেয়ে মাহফুজা আক্তার চৌধুরী ঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে ঝুলে আত্মহত্যা করে। ১১ আগস্ট সোমবার রাত পৌনে ৮ ঘটিকার দিকে জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের মাইজগ্রামে স্ত্রীর উপর অভিমান করে আব্দুল আজিজের ছেলে সিএনজি চালক রুবেল আহমদ গলায় ওড়না পেচিয়ে নিজ ঘরে আত্মহত্যা করেন। ১০ আগস্ট রোববার রাত ১১ ঘটিকার দিকে স্বামী বাড়ি জকিগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের বাখরশাল গ্রামের আলী হোসেনের স্ত্রী রিপা বেগম অভিমান করে বিষপানে আত্মহত্যা করেন। ১৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ ঘটিকার সময় জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের শামসুল ইসলামের ছেলে নির্মাণ শ্রমিক আলী আহমদ চট্টগ্রাম শহরের নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে নিহত হন। ২১ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের কলাকুটা শাহজালালপুর গ্রামের সেলিম আহমদের ছেলে ছাদিক আহমদ পার্শবর্তী হাতিডহর গ্রামে নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যু বরণ করে।
০৮. মসজিদ নিয়ে হিন্দু যুবকের কুরুচিপূর্ণ মন্তব্য:
জকিগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের রহিমখারচক গ্রামের রায় মোহন বিশ্বাসের ছেলে দীপক বিশ্বাস গত ৮ সেপ্টেম্বর সোমবার রাতে মুসলমানদের পবিত্র মসজিদ নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করার জেরে উত্তাপ ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়া ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে প্রতিবাদে ফুসে উঠেন অসংখ্য মানুষ। পরিস্থিতি বেগতিক দেখে তাৎক্ষণিক জকিগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও আলেম সমাজের উপস্থিতিতে জকিগঞ্জ থানায় এক বৈঠকে দীপক বিশ্বাসের পরিবার প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিষয়টির সমাধান করেন। এ ঘটনা ছিল জকিগঞ্জের আলোচিত ঘটনা সমূহের অন্যতম একটি বিষয়।
০৯. জকিগঞ্জ সীমান্ত বিএসএফের অবৈধ অনুপ্রবেশ ও সবজি ক্ষেত নষ্ট করার ঘটনায় উত্তেজনা:
গেল বছরের ২ নভেম্বর রোববার জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় সুরমা নদীর চরে ভারতীয় বিএসএফ সুরমা নদী পার হয়ে এপারে এসে বাংলাদেশ অংশে সবজি চাষিদের সবজি ক্ষেত নষ্ট করে দিয়ে ক্ষেত করতে বাঁধা দেয়। বিএসএফের এমন অন্যায় কাজে তাৎক্ষণিক বাঁধা দেন স্থানীয় এলাকাবাসী। এক পর্যায়ে রসুলপুর এলাকার লোকজন উত্তেজিত হয়ে উঠলে পিছু হটে বিএসএফ। পরে বিজিবি ভারতীয় বিএসএফকে পতাকা বৈঠকের আহবান করলে পরদিন পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতীয় বিএসএফ এ ঘটনায় বিজিবির নিকট দুঃখ প্রকাশ করে ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দেয়।
১০. চুরি, ডাকাতি ও মাদকসহ নানা অপরাধ:
গেল বছর জুড়ে আলোচিত অন্যান্য বিষয়ের সাথে বিভিন্ন ধরনের অপরাধ যেমন-চুরি, ডাকাতি ও মাদকের বিষয়টি আলোচিত ছিল। প্রায় প্রতি সাপ্তাহে উপজেলার কোথাও না কোথাও চুরি ও ডাকাতি খবর আলোচনায় ছিল। পাশাপাশি মাদক ও মাদক বিক্রেতাকে নিয়ে দরপাকড় ছিল বেশ আলোচিত।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট