সিলেট জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোস্তাক আহমদ। তিনি সিলেট জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং সিলেট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্যতম সদস্য।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে গত ৫ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। আদেশ অনুযায়ী, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
অ্যাডভোকেট মোস্তাক আহমদ জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আন্তর্গত ডেমারগ্রামের মরহুম আব্দুর রব তেরা মিয়ার ছেলে। তিনি এর আগে কাজলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সিলেট জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং লুৎফুর রহমান হাইস্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সিলেট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গেও সম্পৃক্ত।
সিলেটের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে সরকারি আইন কর্মকর্তা নিয়োগের অংশ হিসেবে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। শিশুদের প্রতি সহিংসতা-সংশ্লিষ্ট অপরাধের বিচারপ্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
তাঁর এ নিয়োগে নিজ এলাকা কাজলসার ইউনিয়ন ও জকিগঞ্জের মানুষের মধ্যে আনন্দ ও আগ্রহের সৃষ্টি হয়েছে। নতুন দায়িত্বে তিনি পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা স্থানীয়দের।
Leave a Reply