1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কানাইঘাটের দুর্গম দনা এলাকায় বালাউট ছাহেব বাড়ির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ রোগী জকিগঞ্জে ১০ দিনে সুরমা-কুশিয়ারায় তিন ভাঙন আটগ্রামে ডাইক বিলীন, গদাধরে সড়ক ধস, ভাখরশালে ভূখণ্ড হারানোর শঙ্কা সংসদে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবি, জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ভালোবাসায় সিক্ত মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে কুরআনের সুরে মুখর তিন উপজেলা, ১৯ প্রতিষ্ঠানের হাফেজদের মিলনমেলা বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ সোনাসার ব্রিকস ফিল্ডের ২০২৬-২৭ মৌসুমের ইট পোড়ানোর কার্যক্রম শুরু জকিগঞ্জের আটগ্রামে সুরমার ভয়াবহ ভাঙন পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি

জকিগঞ্জে ১০ দিনে সুরমা-কুশিয়ারায় তিন ভাঙন আটগ্রামে ডাইক বিলীন, গদাধরে সড়ক ধস, ভাখরশালে ভূখণ্ড হারানোর শঙ্কা

রহমত আলী হেলালি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় সুরমা ও কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙনে বিপন্ন হয়ে পড়েছে নদীতীরবর্তী জনপদ। মাত্র ১০ দিনের ব্যবধানে তিনটি পৃথক স্থানে নতুন করে ভাঙন দেখা দেওয়ায় উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। কোথাও বন্যা প্রতিরক্ষা ডাইক বিলীন, কোথাও সড়ক ধসে যোগাযোগ বিপর্যস্ত, আবার কোথাও বসতভিটা, কৃষিজমি ও বাংলাদেশের ভূখণ্ড হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। বছরের পর বছর সাময়িক মেরামত ও আশ্বাসের মধ্যেও স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে নদীপাড়ের মানুষের। তাঁদের দাবি, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে ব্লক স্থাপন ও টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করতে হবে।

গত ৫ নভেম্বর সুরমা নদীর ভাঙনে উপজেলার ৩ নম্বর কাজলসার ইউনিয়নের আটগ্রাম চারিগ্রাম (নালুহাটি) গাংপারে প্রায় ২০০ ফুট প্রধান বন্যা প্রতিরক্ষা ডাইক নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে আশপাশের শত শত বসতবাড়ি, আবাদি জমি ও মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। ডাইক ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হয়। ভাঙনস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান। তিনি পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

অন্যদিকে, ১৫ নভেম্বর কুশিয়ারা নদীর ভাঙনে উপজেলার বীরশ্রী ইউনিয়নের গদাধর গ্রামে নতুন করে বড় ধরনের ভূমিধস দেখা দেয়। মুজম্মিল হক মেম্বারের বাড়ির সামনে প্রায় ৫০০ ফুট দৈর্ঘ্য ও ১০০ ফুট প্রস্থ এলাকাজুড়ে ভূমি ধসে নদীতীরবর্তী সড়কের উল্লেখযোগ্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে যানবাহন চলাচল স্বাভাবিক নেই। ভাঙন অব্যাহত থাকলে সড়কের অবশিষ্ট অংশও নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। গ্রামটির আসুক আহমদ, ডা. আব্দুল হালীম, সোনাপুর মাদ্রাসা, ডা. আব্দুল আজিজ ও আলাই মিয়ার বাড়ির সম্মুখসহ বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ভাঙন চলছে।

সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কুতবুল আলম বলেন, পুরো রাস্তা নদীতে বিলীন হয়ে গেছে, মানুষের চলাচলের পথ নেই। নতুন বেড়িবাঁধ নির্মাণ জরুরি।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ জানিয়েছেন, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।

এদিকে, জকিগঞ্জ সদর ইউনিয়নের ভাখরশাল এলাকায় কুশিয়ারা নদীর ভাঙনও নতুন করে ভয়াবহ রূপ নিয়েছে। ১১ নভেম্বর প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে বড় বড় ফাটল দেখা দেয়। মাত্র তিন মাস আগে ভাঙন প্রতিরোধে কাজ করা হলেও ফের নদীর আগ্রাসনে বসতভিটা, কৃষিজমি, মসজিদ ও কবরস্থান হারানোর শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, নদীভাঙনে বাংলাদেশের ভূখণ্ডের প্রায় আধা কিলোমিটার অংশ নদীর ওপারে ভারতে চলে গেছে। ইতোমধ্যে অনেক পরিবার বসতভিটা হারিয়ে রাস্তার পাশে ঘর তৈরি করে বসবাস করছে।

জকিগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শহীদ চুনু বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে পানি উন্নয়ন বোর্ডের তৎপরতা বাড়লেও স্থায়ী সমাধান হয় না। স্থায়ীভাবে নদীভাঙন ঠেকাতে ব্লক স্থাপন ছাড়া কার্যকর বিকল্প নেই।

জকিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ বলেন, সামান্য মাটি ফেলে বাঁধ মেরামতে স্থায়ী সমাধান হচ্ছে না। গত বছর নিজ উদ্যোগে প্রায় ১০০ ফুট এলাকায় বাঁধ নির্মাণ করেছিলেন। এবার প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ফাটল দেখা দিয়েছে। সময়মতো ব্যবস্থা না নিলে আগামী বর্ষায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

জানা যায়, জকিগঞ্জের নদীভাঙন সমস্যা জাতীয় সংসদেও তুলে ধরেছেন সংসদ সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান। সীমান্তবর্তী জনপদ রক্ষায় স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

কানাইঘাট ও জকিগঞ্জে সুরমা-কুশিয়ারা নদীর ভাঙন রোধে ২৭৩ কোটি টাকা ব্যয়ে প্রায় ৫.১৭৫ কিলোমিটার নদীতীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। দুই উপজেলার ১৭টি অতি ঝুঁকিপূর্ণ স্থানের মধ্যে জকিগঞ্জের ১৩টি ও কানাইঘাটের চারটি স্থান অন্তর্ভুক্ত রয়েছে।

তবে স্থানীয়দের অভিযোগ, বহু ঝুঁকিপূর্ণ স্থানে এখনও স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠেনি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, জকিগঞ্জে কুশিয়ারা নদীর ডান তীরে ৪১ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। কোথাও বাঁধ জমির সঙ্গে মিশে গেছে, কোথাও আবার বাঁধ উঁচু করা প্রয়োজন।

নদীতীরবর্তী বাসিন্দাদের আশঙ্কা, আগামী বর্ষার আগে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা না গেলে আরও বিস্তীর্ণ জনপদ, বসতভিটা, কৃষিজমি ও বাংলাদেশের ভূখণ্ড হারানোর ঝুঁকি বাড়বে। তাঁদের দাবি, সাময়িক মেরামতের পরিবর্তে সমন্বিত পরিকল্পনায় স্থায়ী ব্লক ও প্রতিরক্ষা বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্নির্মাণ এবং গৃহহীন পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট