পবিত্র কুরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি, হিফজ শিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং মেধাবী হাফেজদের প্রতিভা বিকাশের লক্ষ্যে সিলেটের জকিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা। তিন উপজেলার ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কুরআনে হাফেজদের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় কুরআনপ্রেমীদের এক মিলনমেলায়।
১০ নভেম্বর সকাল ১০টা থেকে হিলফুল ফুযুল ইসলামী যুব সমাজ, লক্ষীবাজার, শেরুলবাগ, বীরশ্রী, জকিগঞ্জের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জকিগঞ্জ, কানাইঘাট ও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা পবিত্র কুরআনের বিভিন্ন অংশ থেকে তিলাওয়াতের মাধ্যমে নিজেদের হিফজের দক্ষতা ও মেধার স্বাক্ষর রাখে।
সারাদিনব্যাপী প্রতিযোগিতা শেষে রাতে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সম্মাননা অনুষ্ঠান। এতে একজন দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজসহ মোট পাঁচজন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। আয়োজকদের এ উদ্যোগে বিজয়ীদের পাশাপাশি প্রত্যেক অংশগ্রহণকারীর মেধা, অধ্যবসায় ও কুরআনের প্রতি ভালোবাসাকে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা খেলাফত মজলিসের সিনিয়র সহসভাপতি মাওলানা মুখলিছুর রহমান, জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ আছলাম হোসেন, বীরশ্রী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক আবুল কালাম আজাদ, সমাজসেবক জাহেদ ফারহান এবং বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আব্দুস সহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অতিথিরা বলেন, কুরআন তিলাওয়াত ও হিফজভিত্তিক এ ধরনের প্রতিযোগিতা শুধু শিক্ষার্থীদের মেধা বিকাশেই ভূমিকা রাখে না, বরং দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জনের পথও সুগম করে। এমন একটি মহৎ আয়োজনের ধারাবাহিকতা রক্ষায় তাঁরা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
আয়োজক সংগঠন হিলফুল ফুযুল ইসলামী যুব সমাজের সদস্যরা বলেন, যতদিন তাঁরা বেঁচে থাকবেন, ততদিন সংগঠনকে টিকিয়ে রেখে কুরআনভিত্তিক এ প্রতিযোগিতা অব্যাহত রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন। তাঁদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম পবিত্র কুরআন হিফজ ও তিলাওয়াতের প্রতি আরও বেশি আগ্রহী হয়ে উঠবে।
তিন উপজেলার ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ, দিনব্যাপী প্রতিযোগিতা এবং বিজয়ীদের পাশাপাশি সকল প্রতিযোগীকে সম্মানিত করার মধ্য দিয়ে আয়োজনটি স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। আয়োজকদের এমন উদ্যোগ কুরআনের আলোয় নতুন প্রজন্মকে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply