সিলেটের জকিগঞ্জে পবিত্র কুরআনুল কারিমের হাফিজ শিক্ষার্থীদের মেধা যাচাই, প্রতিভা বিকাশ ও কুরআন শিক্ষায় উৎসাহিত করতে ‘বেগম মস্তুফা ইলিয়াছ দ্বিতীয় হিফজুল কুরআন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আয়োজন করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর বুধবার উপজেলার ৩ নম্বর কাজলসার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কামালপুরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। হাজী ইলিয়াছ আলী ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এ পরীক্ষাকে সফল করতে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে কামালপুর স্বতন্ত্র ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসা। এতে হিফজ ইবতেদায়ী (প্রথম থেকে পঞ্চম পারা), হিফজ মাধ্যমিক (ষষ্ঠ থেকে দশম পারা), হিফজ উচ্চমাধ্যমিক (একাদশ থেকে বিশ পারা) এবং হিফজ তাকমিল (পূর্ণ ৩০ পারা)—এই চারটি স্তরে শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে।
আয়োজক সূত্রে জানা গেছে, পরীক্ষায় অংশগ্রহণের ফি জনপ্রতি ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত ঠিকানায় পরীক্ষার্থীদের তালিকা ও ফি জমা দিতে হবে। শিক্ষার্থীদের জন্মনিবন্ধন সনদ অনুযায়ী নির্ধারিত ফরম পূরণ করে তালিকা পাঠানোর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ জানানো হয়েছে। তালিকা পাওয়ার পর হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও পরবর্তী নির্দেশনা জানানো হবে।
পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে প্রতিটি বিষয়ে ৮০ শতাংশ নম্বর অর্জনকারীদের মেধা তালিকায়, ৭০ শতাংশ নম্বর অর্জনকারীদের প্রথম বিভাগ এবং ৬০ শতাংশ নম্বর অর্জনকারীদের সাধারণ বিভাগে বিবেচনা করা হবে।
হাজী ইলিয়াছ আলী ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি, আমেরিকা প্রবাসী আব্দুল মালিক মানিক বলেন, “পবিত্র কুরআনুল কারিম মুখস্থকারী শিশু-কিশোরদের মেধা যাচাই, প্রতিভার বিকাশ এবং কুরআন হিফজের প্রতি তাদের আগ্রহ ও উৎসাহ বাড়ানোর লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। আমরা চাই, হাফিজ শিক্ষার্থীরা নিজেদের মেধা ও যোগ্যতা প্রকাশের সুযোগ পাক এবং এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে আরও অনুপ্রাণিত হোক। গত বছরও অত্যন্ত সুন্দরভাবে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার উৎসাহ আমাদের অনুপ্রাণিত করেছে। এবার আরও বৃহৎ পরিসরে আয়োজনটি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা চাই, কওমি ও আলিয়া—কোনো ধারার মাদ্রাসার শিক্ষার্থীদের আলাদাভাবে না দেখে সবাইকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে। পবিত্র কুরআনের প্রতি ভালোবাসা, মেধা ও যোগ্যতাই হোক এ প্রতিযোগিতার মূল বিবেচ্য বিষয়। এ লক্ষ্যেই এবার কওমি মাদ্রাসাগুলোর সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে, যাতে সব ধারার হিফজ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে।”
ট্রাস্টের সচিব ও প্রধান শিক্ষক মামুনুর রশীদ স্বপন বলেন, “এবারের মেধাবৃত্তি পরীক্ষা সুশৃঙ্খল, সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করতে আমরা ইতিমধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছি। উপজেলার বিভিন্ন হিফজুল কুরআন মাদ্রাসায় পরীক্ষা সংক্রান্ত চিঠি, নিয়মাবলি ও পরীক্ষার্থীদের তালিকা পূরণের ফরম পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি নির্ধারিত কয়েকটি স্থানেও ফরম রাখা হয়েছে, যাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সহজেই সংগ্রহ করতে পারে।”
তিনি বলেন, “প্রতিটি প্রতিষ্ঠানকে নির্ধারিত নিয়ম অনুসরণ করে ফরম পূরণ ও পরীক্ষার্থীদের তালিকা জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত স্থানে জমা দেওয়া ফরমগুলো সংগ্রহ করে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে। এ ছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, নির্দেশনা ও পরবর্তী আপডেট জানানো হবে। আমরা চাই, কোনো প্রতিষ্ঠান যেন তথ্যের অভাবে অংশগ্রহণ থেকে বঞ্চিত না হয় এবং সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সফল আয়োজন সম্পন্ন করতে পারি।”
পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্য, নিবন্ধন ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য হাজী ইলিয়াছ আলী ট্রাস্টের সঙ্গে ০১৭১৮৬০৫০২৪, ০১৭৩১৩০৭০১১ ও ০১৮১১৭৪২৬১২ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন ট্রাস্টের সচিব মামুনুর রশীদ স্বপন।
আয়োজকদের প্রত্যাশা, এ মেধাবৃত্তি পরীক্ষা জকিগঞ্জের হিফজ শিক্ষার্থীদের মধ্যে কুরআন শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি, সুস্থ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি এবং মেধাবী হাফিজদের অনুপ্রেরণা জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply