সিলেটের জকিগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২০২৬ শিক্ষাবর্ষের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন আগামী ১৯ আগস্ট থেকে শুরু হবে। নির্ধারিত সূচি অনুযায়ী ২৭ আগস্ট পর্যন্ত বিভিন্ন বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
জকিগঞ্জ উপজেলায় বর্তমানে মোট ১৩১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ১০৭টি সরকারি, ১৯টি রেজিস্টার্ড এবং ৫টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
সোমবার(১০আগষ্ট) সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ সাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ আগস্ট বুধবার প্রথম ও দ্বিতীয় শ্রেণির বাংলা এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাংলা বিষয়ের মূল্যায়নের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হবে। ২০ আগস্ট ইংরেজি এবং ২৩ আগস্ট প্রাথমিক গণিত বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ২৪ আগস্ট চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ২৫ আগস্ট চতুর্থ শ্রেণির প্রাথমিক বিজ্ঞান এবং ২৭ আগস্ট চতুর্থ শ্রেণির ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণির মূল্যায়নে সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। তৃতীয় শ্রেণির জন্য দুপুর ১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত মূল্যায়নের সময় রাখা হয়েছে।
নির্দেশনায় শিক্ষার্থীদের পরীক্ষার সিলেবাস ও সময়সূচি সম্পর্কে অবহিত করা, মূল্যায়ন নির্দেশিকা অনুসরণ, পরীক্ষার আগে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং প্রশ্নপত্রের গোপনীয়তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি মূল্যায়ন শেষে নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশের নির্দেশনাও দেওয়া হয়েছে।
জকিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে মূল্যায়ন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের শিখন অগ্রগতি ও ঘাটতি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
Leave a Reply