সিলেটের জকিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর ২০২৬) বিকেলে জকিগঞ্জ ডাকবাংলা থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে জকিগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এম এ হক চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
জাতীয় ছাত্রশক্তি জকিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আবু ওমর জুবেরের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. হাবিবুর রহমান (তালুকদার)-এর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জকিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ডা. রুবেল আহমদ। এ সময় উপস্থিত ছিলেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. সালমান সিরাজী।
এ ছাড়া জাতীয় ছাত্রশক্তি সিলেট জেলা শাখার আহ্বায়ক তৌফিক ইমন তানভীর ও সদস্যসচিব মো. জামিল আহমদসহ জকিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পথসভায় বক্তব্য দিতে গিয়ে জাতীয় ছাত্রশক্তি জকিগঞ্জ উপজেলা শাখার সদস্যসচিব মো. হাবিবুর রহমান বলেন, ‘আমরা এমন একটি রাজনীতির স্বপ্ন দেখতে চাই, যেখানে কোনো বাধা থাকবে না; থাকবে স্বাধীনতা, গণতন্ত্রের চর্চা এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়।’
আয়োজকদের প্রত্যাশা, শিক্ষা, ঐক্য, গণতান্ত্রিক চর্চা ও ইনসাফের আদর্শকে সামনে রেখে জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
পরিচিতি সভা, আনন্দ মিছিল ও পথসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এম এ হক চত্বরে পথসভার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
Leave a Reply