সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সহ-সম্পাদক শাম্মী আক্তার জকিগঞ্জে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। একই দিনে তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও পৃথক মতবিনিময় সভায় অংশ নেন।
রোববার বিকেল ৩ ঘটিকায় জকিগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শাম্মী আক্তার বলেন, “সিলেট-৫ আসনের মানুষের সুখ-দুঃখে আমি সবসময় পাশে আছি। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী ইউনিয়ন পরিষদসহ সব স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে মাঠে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, জকিগঞ্জ উপজেলা যেন কোনোভাবেই উন্নয়ন থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্য নিয়ে আমি কাজ করে যাব। আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি ও বিভেদ রয়েছে, তা দূর করে ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে একসঙ্গে এগিয়ে যেতে হবে।
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপিকে উপেক্ষা করে কোনো উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা উচিত হবে না। জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল হিসেবে বিএনপি নেতাকর্মীদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিতে হবে। দলের নেতাকর্মীদের দূরে রেখে কোনো কার্যক্রম পরিচালনার চেষ্টা গ্রহণযোগ্য হবে না।
তিনি আরও বলেন, সিলেট-৫ আসনের মানুষের স্বার্থে এবং এলাকার সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজন হলে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে গিয়ে তদবির করব। জনগণের অধিকার আদায় এবং জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিএনপি নেতা হিফজুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শরীফ আহমদ লস্কর।
সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওলী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা কৃষক দলের আহ্বায়ক ইকবাল আহমদ তাপাদার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান হাসান আহমদ, পৌরসভা বিএনপির সভাপতি মাসুক আহমদ, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল ইসলাম লেইছ, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রাজন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহেদুজ্জামান, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রায়হান আহমদ, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক জবরুল হোসেন ইমনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এরপর বিকেল ৫ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন শাম্মী আক্তার এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস সঞ্চালনা করেন।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি বক্তব্য দেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল আহমদ তাপাদার ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু।
এ সময় জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি রহমত আলী হেলালী, সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না ও জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি জুবায়ের আহমদ উপস্থিত ছিলেন।
মতবিনিময়ে শাম্মী আক্তার বলেন, সীমান্তবর্তী উপজেলা হওয়ায় জকিগঞ্জে মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। মাদক একটি সামাজিক ব্যাধি, যা আমাদের তরুণ সমাজের ভবিষ্যতকে হুমকির মুখে ফেলছে। মাদক নির্মূলে বিএনপি সরকারের অবস্থান জিরো টলারেন্স। একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সামাজিক আন্দোলন সৃষ্টি করার পাশাপাশি প্রশাসনের কার্যক্রমে সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করে সুশিক্ষিত, নৈতিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, সমাজ, রাজনৈতিক নেতৃত্ব এবং প্রশাসনকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রশাসনের প্রতি বিশেষ গুরুত্বারোপ করে শাম্মী আক্তার বলেন, আমাদের দলের কোনো নেতাকর্মী যদি কোনো অপরাধ, অনিয়ম বা অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে তার দায়ভার সরকার বা দল বহন করবে না। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। যে-ই অপরাধ করুক না কেন, প্রশাসনকে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
Leave a Reply