সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের আটগ্রাম এলাকার চারিগ্রাম (নালুহাটি) গাংপার অংশে সুরমা নদীর ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বৃহস্পতিবার ভোরে নদীর তীব্র ভাঙনে প্রধান ডাইকের প্রায় ২০০ ফুট অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে আশপাশের শত শত বসতবাড়ি, আবাদি জমি ও স্থানীয় মানুষের জীবন-জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়েছে। পাশাপাশি ডাইক ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
ভাঙনের খবর পেয়ে শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিন পরিদর্শন করেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। এ সময় তিনি ভাঙন প্রতিরোধ ও ক্ষতিগ্রস্ত ডাইক পুনর্নির্মাণে সংশ্লিষ্ট পানি সম্পদ মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সঙ্গে যোগাযোগ করে দ্রুত প্রয়োজনীয় কাজ সম্পন্নের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা মুখলিছুর রহমান, জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুছাব্বির, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ও যুব মজলিস নেতা খায়রুল ইসলাম, সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি ও খেলাফত মজলিস নেতা সাংবাদিক রহমত আলী হেলালী, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না এবং খেলাফত মজলিস, ছাত্র মজলিসের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply