সিলেটের জকিগঞ্জ উপজেলায় ২০২৬-২০২৭ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন করার সময়সীমা সারাদেশের ন্যায় বাড়ানো হয়েছে।
শনিবার(১৫ আগষ্ট) সমাজসেবা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসব কর্মসূচির আওতায় অনলাইনে আবেদন গ্রহণের সময়সীমা ১৫ আগষ্ট থেকে বাড়িয়ে আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এর আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা এবং প্রতিবন্ধী ভাতার পাশাপাশি শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন করা যাবে। একই সঙ্গে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের আওতায় হিজড়া, বেদে, অনগ্রসর জনগোষ্ঠী ও চা-শ্রমিকদের ভাতা এবং শিক্ষা উপবৃত্তির জন্যও অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, সফটওয়্যার, ইন্টারনেট ও বিদ্যুৎজনিত সমস্যার কারণে অনেক আবেদনকারী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি। এ কারণে অনলাইনে আবেদন গ্রহণের সময়সীমা বাড়ানো হয়েছে।
আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে। অনলাইনে আবেদন করা যাবে ঠিকানায় http://dss.bhata.gov.bd/online-application।
এদিকে, জকিগঞ্জসহ দেশের সংশ্লিষ্ট সমাজসেবা কার্যালয়গুলোকে আবেদন গ্রহণ ও প্রয়োজনীয় কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
Leave a Reply