সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি বলেছেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ। সাংবাদিকদের মাধ্যমেই আমরা জানতে পারি সমাজের বিভিন্ন অসংগতির তথ্য এবং তা দূর করার চেষ্টা করি। সাংবাদিকরাই পারেন এলাকার উন্নয়নে বড় ভূমিকা পালন করতে এবং এলাকার মান সম্মান বৃদ্ধি করতে।
তিনি জকিগঞ্জের নদী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণসহ কানাইঘাট-জকিগঞ্জের উন্নয়নে সংসদ থেকে শুরু করে প্রতিটি মন্ত্রণালয়ে দাবি উত্থাপন ও কাজ চালিয়ে যাচ্ছেন বলেও সাংবাদিকদের জানান।
তিনি বুধবার (৬ মে) জকিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, আমাদের সবাইকে সব ধরণের বৃক্ষরোপনের পাশাপাশি ফলজ বৃক্ষ রোপন করতে হবে। এতে করে আমরা ফরমালিনমুক্ত পিওর ফলমূল খেতে পারবো।
জকিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী আবিদুর রহমানের সার্বিক সহযোগিতায় প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এখলাছুর রহমান। প্রেসক্লাব সাধারণ সম্পাদক এনামুল হক মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশাহিদ আহমদ কামালী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, ওসি (তদন্ত) সুজন মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল খায়ের চৌধুরী, মাধ্যমিক শিক্ষক সমিতি সিলেট জেলা সভাপতি কুতুব উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোস্তাক আহমদ, প্রধান শিক্ষক সালাউদ্দিন ও শিক্ষক কবির আহমদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান তাঁর বক্তব্যে বলেন, স্থানীয়ভাবে ফল উৎপাদনে আগ্রহীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যায়ক্রমে সম্মাননা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। তিনি আরও বলেন, জকিগঞ্জ প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ পরিবেশন করছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা ফখরুল ইসলাম, প্রভাষক মো. মনোয়ার হোসেন, প্রভাষক রফিকুল ইসলাম সোহেল, প্রধান শিক্ষক অসীম ভৌমিক, প্রধান শিক্ষক আব্দুল হামিদ, প্রধান শিক্ষক কামরুজ্জামান, সংগঠক খায়রুল ইসলাম ও আব্দুল আহাদ প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অসহায় মানুষের মধ্যে ফলমূল বিতরণ করা হয়। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
Leave a Reply