জকিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ ইমাম মুয়াজ্জিন ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সকালে জকিগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সিলেট ৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ বিতরণ করেন।
জানা যায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত পাঁচ লক্ষ টাকা উপজেলার বিভিন্ন মসজিদের ২৫০ জন ইমাম মুয়াজ্জিনদের মাঝে বিতরণ করা হয়।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেন, বর্তমান সরকার সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গরীব দুঃখী মানুষ ও ধর্মীয় প্রতিষ্ঠানের খাদেমদের জন্য বিভিন্ন সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ঈদ উপলক্ষে এই সহায়তা তাদের মুখে হাসি ফোটাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান বলেন, এমপি মোহাম্মদ আবুল হাসানের মাধ্যমে, সরকারের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় জকিগঞ্জেও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। খুব শিগগিরই শেওলা জকিগঞ্জ সড়কের টেন্ডার কার্যক্রম সম্পন্ন হবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply