সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় সাম্প্রতিক সময়ে তীব্র ও ঘনঘন লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। নির্দিষ্ট শিডিউল ছাড়াই ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ আসা-যাওয়া করায় ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন কার্যক্রম।
স্থানীয় গ্রাহকদের অভিযোগ, দিনের বড় একটি সময় বিদ্যুৎ না থাকায় দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে ঘনঘন বিদ্যুৎ চলে যাওয়া ও পুনরায় আসার কারণে শিক্ষার্থী, ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা এবং সাধারণ গ্রাহকদের নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। বিদ্যুৎ বিল বৃদ্ধির পরও এমন পরিস্থিতিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন অনেকে।
এদিকে জকিগঞ্জে লোডশেডিংয়ের নেপথ্যে সরবরাহ ঘাটতিকে দায়ী করেছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ। তাদের দাবি, চাহিদার তুলনায় পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে।
শনিবার (৮ আগস্ট) জকিগঞ্জের প্রথম সরকার অনুমোদিত সংবাদপত্র সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ-এর একজন সংবাদকর্মীর সঙ্গে কথা বলেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর অধীনে জকিগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মোতাছিম বিল্লাহ।
লোডশেডিংয়ের কারণ ব্যাখ্যা করে ডিজিএম মো. মোতাছিম বিল্লাহ বলেন, “আমাদের চাহিদা আছে ১৪ মেগাওয়াট। আমাদের চাহিদা অনুযায়ী সরবরাহ পাচ্ছি না। বর্তমানে আমরা চাহিদার তুলনায় প্রায় ৫০ শতাংশ কম সরবরাহ পাচ্ছি।”
তিনি বলেন, এ ধরনের বিদ্যুৎ সংকট শুধু জকিগঞ্জে নয়, সারাদেশেই রয়েছে। এটি একটি জাতীয় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, সরবরাহ পর্যাপ্ত পাওয়া গেলে গ্রাহকদের শতভাগ বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।
লোডশেডিং পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হতে পারে এ বিষয়ে নির্দিষ্ট সময় জানাতে পারেননি ডিজিএম। তিনি বলেন, “এই লোডশেডিং সমস্যা কবে নাগাদ সমাধান হতে পারে তা জানি না। আমরা শুধু ডিস্ট্রিবিউট করি। সরবরাহ যখন পাব, তখন আমরা শতভাগ দিতে পারব।”
জকিগঞ্জবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “জকিগঞ্জের মানুষ আপনারা ধৈর্য ধরুন। আমাদের ইচ্ছাকৃত কিছুই করা হচ্ছে না। আপনাদের ২৪ ঘণ্টা বিদ্যুৎ দিতে পারলে আমরা অনেক খুশি হই।”
তিনি আরও জানান, সারাদেশে বিদ্যুৎ সরবরাহের ঘাটতি থাকায় জকিগঞ্জেও এর প্রভাব পড়েছে। পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হলে লোডশেডিং পরিস্থিতিরও উন্নতি হবে বলে জানান তিনি।
তবে স্থানীয় গ্রাহকদের প্রত্যাশা, দ্রুত বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সেবা নিশ্চিত করা হবে। বিশেষ করে ঘনঘন বিদ্যুৎ আসা-যাওয়ার পরিবর্তে বাস্তব পরিস্থিতি বিবেচনায় স্বচ্ছ ও পূর্বনির্ধারিত লোডশেডিং ব্যবস্থার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
Leave a Reply