সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রামে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ছানি অপারেশনের জন্য ১৭২ জনকে সিলেটে পাঠানো হয়েছে। বালাউটি ছাহেব বাড়ির ব্যবস্থাপনায় আয়োজিত এ ক্যাম্পে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার রোগীরা চিকিৎসাসেবা নেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আটগ্রামের লুৎফুর রহমান স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। কাজলসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ রশীদ বাহাদুরের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ক্যাম্পে রোগীদের চোখ পরীক্ষা, ব্যবস্থাপত্র প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, ক্যাম্পের মাধ্যমে বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। ছানি অপারেশনের জন্য ১৭২ জন রোগীকে সিলেটে পাঠানোর উদ্যোগ তাঁদের উন্নত চিকিৎসাসেবা গ্রহণে সহায়তা করবে।
ক্যাম্পের কার্যক্রম শুরু হয় দোয়ার মাধ্যমে। দোয়া পরিচালনা করেন দরগাহ-এ হজরত শাহজালাল (রহ.) জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুযাইফা চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন বালাউটি ছাহেবজাদা মাওলানা মাশুকুর রহমান মারুফ, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, কাজলসার ইউনিয়ন বিএনপির সেক্রেটারি ইকবাল আহমদ, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জসিম আহমদ, লুৎফুর রহমান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ছালিক আহমদ চৌধুরী, পূর্ব লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের সাবেক মেম্বার মাহতাব আহমদ এবং স্মাইল চ্যারিটির কান্ট্রি ডিরেক্টর সিরাজুল ইসলাম তাপাদার সেলিম।
বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে স্বস্তি প্রকাশ করেন রোগীরা। স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ আর্থিকভাবে অসচ্ছল মানুষের চক্ষু চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply