সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল গ্রামে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনায় পৃথক অভিযানে শীর্ষ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে সিলেট মহানগরের বন্দরবাজার এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় ডাকাত সর্দার ইসলাম উদ্দিন সেলিমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ১৯টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া মো. ইসলাম উদ্দিন সেলিম (৫১), জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ২নং ওয়ার্ডের অন্তর্গত চারিগ্রাম (চানপুর) এলাকার মৃত ফয়জুল হকের ছেলে।
গ্রেপ্তার হওয়া অপর ডাকাতরা হলেন- জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত হাড়িকান্দি এলাকার মৃত সাবু মিয়া উরফে সবু মিয়ার ছেলে আলী আহমদ (৪০) ও আলী হোসেন (৩৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল গ্রামে গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী দল জামাল উদ্দিন মাস্টার ও তাঁর ভাই ব্যবসায়ী শামীম আহমদের বাড়িতে ঢুকে লুটপাট চালায়। এ সময় জামাল উদ্দিনের ঘর থেকে সাড়ে চার ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা নেওয়া হয়। পরে শামীম আহমদের ঘরে ঢুকে লুটপাটের সময় বাধা দিলে তাঁকে কুপিয়ে আহত করা হয়। তাঁর ঘর থেকেও প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার নেওয়া হয়েছে বলে জানা গেছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় গত ১১ অক্টোবর জকিগঞ্জ থানায় মামলা করা হয়। মামলা নম্বর ১০।
পুলিশ জানায়, মামলার তদন্তের অংশ হিসেবে ২৩ অক্টোবর গভীর রাতে জকিগঞ্জের গোটারগ্রামে শশুরবাড়ি থেকে আলী হোসেনকে এবং ২৫ অক্টোবর রাত ১০টা ৪৫ মিনিটে গোয়াইনঘাট উপজেলার আমবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আলী আহমদকে গ্রেপ্তার করে জকিগঞ্জ থানা-পুলিশ। পরদিন ২৬ অক্টোবর সকাল ১১টার দিকে সিলেট মহানগরের বন্দরবাজার এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় ইসলাম উদ্দিন সেলিমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ইসলাম উদ্দিন সেলিমের বিরুদ্ধে জকিগঞ্জসহ বিভিন্ন থানায় মোট ১৯টি মামলা ছাড়াও অন্য দুই ব্যক্তির বিরুদ্ধেও ডাকাতি ও চুরির একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার ইসলাম উদ্দিন সেলিম ও আলী হোসেনকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, ডাকাতির ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে ঘটনাস্থল সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ বলে জানা গেছে।
শীর্ষ তিনজন ডাকাত আটকের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানিয়েছেন- মাননীয় পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জকিগঞ্জে ডাকাতির ঘটনায় পুলিশ সাড়াশী অভিযান চালিয়ে যাচ্ছে। যে কোন ধরণের অপরাধ নির্মূলে জকিগঞ্জ থানা পুলিশ তৎপর রয়েছে।
Leave a Reply