চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা সারাদেশের ন্যায় জকিগঞ্জে শুরু হয়েছে। বাংলা পরীক্ষার মধ্য দিয়ে মাসব্যাপী এ পরীক্ষার সূচনা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়, চলবে দুপুর একটা পর্যন্ত।
পরীক্ষা নকল ও প্রশ্নফাঁসমুক্ত রাখতে শিক্ষা মন্ত্রণালয় এবার নজিরবিহীন কঠোর ব্যবস্থা নিয়েছে। ঝুঁকিপূর্ণ পরীক্ষাকেন্দ্রগুলোর পাশাপাশি সব কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং এসব ক্যামেরার ফুটেজ কমপক্ষে ৩০ দিন সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয়ভাবে লাইভ মনিটরিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। দ্রুত তথ্য আদান-প্রদান ও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) যুক্ত করে চালু করা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ।
এ বছর জকিগঞ্জ উপজেলায় এসএসসিতে ১৫৪৫ জন, দাখিলে ৬৯৫ জন ও এসএসসি ভোকেশনাল শাখার ১১৯ জন শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে রেজিষ্ট্রেশন সম্পন্ন করত; পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করেছে।
জকিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্র, জকিগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, জকিগঞ্জ গার্লস হাই স্কুল, ইছামতি উচ্চ বিদ্যালয় ও হাফিজ মজুমদার বিদ্যানিকেতন কেন্দ্রে সর্বমোট ১৫৪৫ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে দ্বিতীয় দিনের বাংলা ২য় পত্রের পরীক্ষায় ১০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এদিকে জকিগঞ্জ সিনিয়র ফাযিল মাদ্রাসা ও ইছামতি কামিল মাদ্রাসা কেন্দ্রে ৬৯৫ জন দাখিল পরীক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় দিনে মাত্র ১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এসএসসি ভোকেশনাল শুধুমাত্র লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এখানে সর্বমোট ১১৯ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই উপস্থিত।
মাধ্যমিক পর্যায়ের অত্যান্ত গুরুত্বপূর্ণ এ পরীক্ষা সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাব সম্পন্নকরণে উপজেলা প্রশাসন, জকিগঞ্জ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করছে। সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রনয় বিশ্বাস ও জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাকসহ প্রশাসনের দায়িত্বশীলগণ গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করছেন।
Leave a Reply