সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের সুরমা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। শনিবার (১৮ জুলাই) রাত প্রায় ১০টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত কুমার চন্দের নেতৃত্বে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।এ সময় কায়েস্তগ্রাম বড়গ্রামসহ বালুমহালের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পার্শ্ববর্তী কানাইঘাট উপজেলার বড়গ্রাম ও কায়েস্তগ্রামের বাসিন্দাদের অভিযোগ ছিল ইজারাদার নির্ধারিত এলাকার বাইরে গিয়ে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করছেন। অভিযোগ অনুযায়ী প্রতিদিন রাত ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত স্থান ব্যতীত বালু উত্তোলন করা হচ্ছে বলে এলাকাবাসী দাবি করেন।
তবে ইজারাদারের দাবি ভোর থেকে দুপুর ২টা পর্যন্ত ভূমি অফিস নির্ধারিত স্থানের মধ্যেই বালু উত্তোলন করা হচ্ছে এবং নিয়ম মেনেই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অভিযান চলাকালে নির্ধারিত এলাকার বাইরে বালু উত্তোলনের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, এলাকাবাসীর অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই এবং অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply