মুক্তিযুদ্ধের ইতিহাসে সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের গৌরবোজ্জ্বল অবদান রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার দাবি দীর্ঘদিনের। ১৯৭১ সালের ২১ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে শত্রুমুক্ত হওয়া জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রবাসী সংগঠন জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে।
সম্প্রতি এ উপলক্ষে পূর্ব লন্ডনে সংগঠনটির উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি সংসদে উত্থাপন করায় সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
সংগঠনের সহসভাপতি আব্দুর রাজ্জাক ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জকিগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহাসিক গুরুত্ব এবং রাষ্ট্রীয় স্বীকৃতির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
এ সময় বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সহসভাপতি জয়নুল আবেদীন, ট্রেজারার কাজী মাওলানা এমদাদুল হক, সাবেক ট্রেজারার গোলাম মর্তুজা চৌধুরী ইকবাল, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ও কাজী খালেদ, সহকারী ট্রেজারার কামরুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য ও জকিগঞ্জ এডুকেশন ট্রাস্টের সেক্রেটারি ফজলে চৌধুরী একলিম এবং সহপ্রচার সম্পাদক শরীফ আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। এ লক্ষ্যে যুক্তরাজ্য ও বাংলাদেশে সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদান, র্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সিলেট ৫ আসনের সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জানা গেছে, গত ৭ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের এক অধিবেশনে মুফতি মোহাম্মদ আবুল হাসান জকিগঞ্জ ও কানাইঘাটকে যথাক্রমে দেশের প্রথম ও দ্বিতীয় মুক্তাঞ্চল হিসেবে ঘোষণার দাবি জানান। একই সঙ্গে তিনি এ দুই অঞ্চলের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব ও বিভিন্ন সমস্যার বিষয় সংসদে তুলে ধরেন।
এদিকে মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপির আমন্ত্রণে আগামী ১ ডিসেম্বর সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ সফরে আসার সম্ভাবনা রয়েছে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের।
উক্ত সংবাদ সম্মেলনে আগামী ১ ডিসেম্বরের কর্মসূচি সফল করতে দেশ-বিদেশে অবস্থানরত জকিগঞ্জবাসীর সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল হিসেবে স্বীকৃতির উদ্যোগকে স্বাগত জানিয়ে আগামী ২১ নভেম্বর পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে বিশেষ পতাকা উত্তোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে যুক্তরাজ্যে বসবাসরত জকিগঞ্জবাসী ও প্রবাসী বাংলাদেশিদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
বক্তারা আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসে জকিগঞ্জের অবদান যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি পাবে এবং আগামী প্রজন্ম এ অঞ্চলের গৌরবোজ্জ্বল ইতিহাস সম্পর্কে আরও বেশি জানতে পারবে।
Leave a Reply