সিলেটের কানাইঘাট উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে আল্লামা বালাউট ছাহেব বাড়ি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের দনা বাজার পাহাড়ি এলাকায় অবস্থিত মর্নিং সান ইসলামিক কিন্ডারগার্টেন প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৭০০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়।
সিলেটের ইনক্লুসিভ আই হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে ছানি অপারেশনের জন্য ১২৫ জন রোগীকে নির্বাচিত করা হয়। তাদের সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য সিলেটে পাঠানো হয়েছে। অন্যদিকে, যাদের অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি, তাদের প্রয়োজন অনুযায়ী ওষুধ ও চশমা বিতরণ করা হয়।
কানাইঘাটের দুর্গম পাহাড়ি জনপদের মানুষের জন্য এমন উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বিশেষ করে খাসিয়া জনগোষ্ঠীসহ আশপাশের বিভিন্ন এলাকার অসংখ্য মানুষ এ ক্যাম্প থেকে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
আল্লামা বালাউট ছাহেব বাড়ির এ মানবিক উদ্যোগ বাস্তবায়নে আর্থিক সহযোগিতা প্রদান করে সেবা ফাউন্ডেশন, বিয়ানীবাজার।
ক্যাম্পে উপস্থিত ছিলেন ছাহেবজাদায়ে বালাউটি মাওলানা মাশুকুর রহমান মারুফ, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, কাজলসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ রশিদ বাহাদুর, ইনক্লুসিভ আই হাসপাতালের চেয়ারম্যান ছাব্বির আহমদ, চক্ষু বিশেষজ্ঞ এনায়েতুর রহমান, লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য ফখরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মাহতাব উদ্দিন, লতিফিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা নিজাম উদ্দিন, মর্নিং সান ইসলামিক কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক হোসাইন আহমদ, সমাজসেবক সায়েক আহমদ চৌধুরী, এইচ কে জুয়েল, সুরমাবাজার, ব্যবসায়ী ফখর উদ্দিন চৌধুরী, জামাল তাপাদার, সুলেমান আহমদ, বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব রফিক মিয়াসহ স্থানীয় সমাজসেবক, রাজনীতিবিদ, খাসিয়া জনগোষ্ঠীর প্রতিনিধি ও দনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ীরা।
দুর্গম পাহাড়ি জনপদে চিকিৎসাসেবার এমন মানবিক আয়োজন স্থানীয়দের কাছে আশার আলো হয়ে উঠেছে। আয়োজকদের এ উদ্যোগে একদিনে প্রায় ৭০০ মানুষ চিকিৎসাসেবা পাওয়ার পাশাপাশি নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আশাও দেখছেন ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১২৫ রোগী।
Leave a Reply