1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ৩ ডিসেম্বর আসছেন জাতীয় সংসদের স্পিকার, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্যবৃন্দ জকিগঞ্জে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নূরুল ইসলামকে সার্বজনীন সংবর্ধনার উদ্যোগ জকিগঞ্জের অবহেলিত জামালপুরে মানবিক উদ্যোগ, বিনামূল্যে চিকিৎসা পেলেন ৬৫০ জন ক্যান্সার আক্রান্ত আবুল কালামের পাশে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট, অপারেশনের জন্য আর্থিক সহায়তা আল্লামা বালাউটি ছাহেব (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়নে শুক্রবার মতবিনিময় সভা জকিগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫, চারজন বিভিন্ন মামলার আসামি ৩ ডিসেম্বর জকিগঞ্জ সফরে আসছেন জাতীয় সংসদের স্পিকার, অনুষ্ঠান সফল করতে এমপি আবুল হাসানের আহ্বান স্পিকারের জকিগঞ্জ সফর সফল করতে খেলাফত মজলিসের যৌথ দায়িত্বশীল সমাবেশ জকিগঞ্জের গঙ্গাজল সিরাজপাড়া গ্রামে ফিরোজ আলী মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন জকিগঞ্জে কৃষিকার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রশ্ন, ভোগান্তিতে কৃষকেরা

জকিগঞ্জে ৩ ডিসেম্বর আসছেন জাতীয় সংসদের স্পিকার, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্যবৃন্দ

রহমত আলী হেলালি
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দ্বারপ্রান্তে জকিগঞ্জ

ঐতিহাসিক স্বীকৃতির প্রত্যাশায় উচ্ছ্বসিত জকিগঞ্জবাসী

রহমত আলী হেলালী

মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের নাম জকিগঞ্জ। ১৯৭১ সালের ২১ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল সিলেটের সীমান্তবর্তী এ জনপদ। স্থানীয় মুক্তিযুদ্ধের ইতিহাস ও দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার প্রত্যাশা এবার নতুন মাত্রা পেয়েছে। আগামী ৩ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের জকিগঞ্জ সফরকে ঘিরে এ প্রত্যাশা আরও জোরালো হয়েছে।

স্পিকারের সঙ্গে এদিন জকিগঞ্জ ও কানাইঘাটে আসার কথা রয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, সিলেট বিভাগের মন্ত্রী ও একাধিক সংসদ সদস্য এবং একাত্তরের রণাঙ্গনে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের। দীর্ঘ ৫৫ বছর পর মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এ অঞ্চলে জাতীয় সংসদের স্পিকারসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আগমনকে জকিগঞ্জবাসী ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখছেন।

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসানের আমন্ত্রণে এ সফরের আয়োজন করা হয়েছে। সফরকে কেন্দ্র করে জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলো সংরক্ষণের বিষয়টি জাতীয় পর্যায়ে গুরুত্বের সঙ্গে উপস্থাপনের প্রস্তুতি চলছে।

২১ নভেম্বর জকিগঞ্জ মুক্ত হওয়ার ঐতিহাসিক প্রেক্ষাপট:

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সিলেটের উত্তর-পূর্ব সীমান্তবর্তী অঞ্চল জকিগঞ্জের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় মুক্তিযুদ্ধের ইতিহাস অনুযায়ী, ২১ নভেম্বর সম্মুখযুদ্ধ ও প্রতিরোধের মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় জকিগঞ্জ। এ কারণে দিনটি স্থানীয়ভাবে ‘জকিগঞ্জ মুক্তাঞ্চল দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

জকিগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাস শুধু একটি জনপদের স্বাধীন হওয়ার ইতিহাস নয়; এটি সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ, মুক্তিযোদ্ধা ও সংগঠকদের সাহস, আত্মত্যাগ এবং প্রতিরোধের ইতিহাস। দীর্ঘদিন ধরে স্থানীয় মুক্তিযোদ্ধা, ইতিহাসসচেতন ব্যক্তি ও এলাকাবাসী জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে আসছেন।

এবার সেই দাবিকে রাষ্ট্রীয় পর্যায়ে গুরুত্ব দেওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যাশাও বাড়ছে।

জাতীয় সংসদে জকিগঞ্জের দাবি তুলে ধরেছেন এমপি মুফতি আবুল হাসান

জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিকে জাতীয় পর্যায়ে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান।

গত ৭ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল এবং কানাইঘাটকে দ্বিতীয় মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি উত্থাপন করেন। একই সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলোর যথাযথ সংরক্ষণ ও ইতিহাসকে জাতীয় পর্যায়ে তুলে ধরার প্রয়োজনীয়তার বিষয়টিও সামনে আনেন।

সংসদে দাবি উত্থাপনের পাশাপাশি স্পিকারকে জকিগঞ্জ সফরের আমন্ত্রণ জানানো এবং মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলো সরেজমিনে পরিদর্শনের উদ্যোগ গ্রহণ তাঁর এ প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অংশ।

গত ২৫ নভেম্বর তিনি জকিগঞ্জ উপজেলার ৩ নম্বর কাজলসার ইউনিয়নের আটগ্রাম এলাকার চারিগ্রাম ও আটগ্রাম সুরমা নদীর খেয়াঘাট এলাকা পরিদর্শন করেন। সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতি ও প্রস্তুতি পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরদিন ২৬ নভেম্বর নিজ কার্যালয়ে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এমপি আবুল হাসান বলেন, স্পিকারের এ সফর জকিগঞ্জবাসীর জন্য আনন্দ ও গৌরবের বিষয়। তাঁর এ সফরের মাধ্যমে জকিগঞ্জের ইতিহাসে একটি নতুন মাইলফলক তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও জানান, জকিগঞ্জ ও কানাইঘাটের দীর্ঘদিনের দাবি-দাওয়া এবং জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলো এ সফরের মাধ্যমে জাতীয় পর্যায়ে তুলে ধরা হবে। এ আয়োজন কোনো ব্যক্তি বা নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়; এটি দুই উপজেলার সর্বস্তরের মানুষের। তাই দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে অনুষ্ঠান সফল করার আহ্বান জানান তিনি।

রণাঙ্গনের স্মৃতিতে ফিরছেন স্পিকার

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের এ সফরের বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ, তিনি নিজেও মহান মুক্তিযুদ্ধের একজন সম্মুখসারির যোদ্ধা। ১৯৭১ সালে জকিগঞ্জ ও কানাইঘাট অঞ্চলের বিভিন্ন রণাঙ্গনে তাঁর যুদ্ধকালীন স্মৃতি জড়িয়ে রয়েছে।

বিশেষ করে ২২ নভেম্বর কানাইঘাটের চাপনগরে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তম। ওই যুদ্ধে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদও অংশগ্রহণ করেছিলেন। শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমানের স্মৃতিবিজড়িত কবরটি আজও এ অঞ্চলের মুক্তিযুদ্ধের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন।

দীর্ঘ ৫৫ বছর পর সেই রণাঙ্গনের স্মৃতিবিজড়িত এলাকায় স্পিকারের আগমন মুক্তিযুদ্ধের ইতিহাসের এক আবেগঘন অধ্যায়ের পুনরুজ্জীবন ঘটাবে বলে মনে করছেন স্থানীয়রা।

যেভাবে সাজানো হয়েছে ৩ ডিসেম্বরের কর্মসূচি

সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে ২১ নভেম্বর সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় স্পিকারের সফরের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা, অভ্যর্থনা ও কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

প্রকাশিত সফরসূচি অনুযায়ী, ৩ ডিসেম্বর সকাল ৯টায় স্পিকার ও সফরসঙ্গীরা জাতীয় সংসদ ভবন থেকে হেলিকপ্টারযোগে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১০টায় জকিগঞ্জে পৌঁছানোর পর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তাঁরা।

প্রথমে কানাইঘাট উপজেলার সাতবাঁক ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসাসংলগ্ন কবরস্থানে সমাহিত শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তমের কবর জিয়ারত করবেন স্পিকার। এরপর জকিগঞ্জ উপজেলার চারিগ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করবেন।

পরবর্তীতে জকিগঞ্জ উপজেলা সদরে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানসহ সিলেট বিভাগের মন্ত্রী ও সংসদ সদস্যরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। বিকেল ৪টায় স্পিকারের ঢাকার উদ্দেশ্যে ফিরে যাওয়ার কথা রয়েছে।

শুধু স্বীকৃতি নয়, জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়ন প্রত্যাশাও

স্পিকারের এ সফরকে কেন্দ্র করে শুধু মুক্তিযুদ্ধের ইতিহাসের স্বীকৃতি নয়, জকিগঞ্জ ও কানাইঘাটের দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা এবং জনদুর্ভোগের বিষয়গুলোও জাতীয় পর্যায়ে তুলে ধরার প্রত্যাশা করছেন এলাকাবাসী।

বিশেষ করে সুরমা নদীর ওপর সেতু নির্মাণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সীমান্তবর্তী এলাকার অবকাঠামোগত উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে সামনে আসবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয়দের প্রত্যাশা, জাতীয় সংসদের স্পিকার, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও সিলেট বিভাগের সংসদ সদস্যদের উপস্থিতিতে জকিগঞ্জ-কানাইঘাটের দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়নের নতুন সুযোগ সৃষ্টি হবে।

রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায় জকিগঞ্জবাসী

জকিগঞ্জের মানুষের কাছে ৩ ডিসেম্বর কেবল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আগমনের দিন নয়; এটি দীর্ঘদিনের ইতিহাস, আত্মত্যাগ ও গৌরবের যথাযথ স্বীকৃতি পাওয়ার প্রত্যাশার দিন।

এলাকাবাসী মনে করেন, জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হলে তা হবে এখানকার মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার এবং মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত সব মানুষের প্রতি রাষ্ট্রের সম্মান প্রদর্শন। একই সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাসে জকিগঞ্জের অবদান জাতীয়ভাবে প্রতিষ্ঠিত হবে।

এখন জকিগঞ্জবাসীর প্রত্যাশা ৩ ডিসেম্বরের ঐতিহাসিক সফরের মধ্য দিয়ে দীর্ঘদিনের দাবি পূরণের আনুষ্ঠানিক অগ্রযাত্রা শুরু হবে। যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে এ ইতিহাস তুলে ধরার উদ্যোগ বাস্তবায়িত হবে।

ইতিহাসের গৌরবকে রাষ্ট্রীয় স্বীকৃতিতে প্রতিষ্ঠিত করার প্রত্যাশায় এখন ৩ ডিসেম্বরের অপেক্ষায় পুরো জকিগঞ্জ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট