জাতীয় সংসদে চলমান ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান তাঁর নির্বাচনী এলাকা জকিগঞ্জ-কানাইঘাট উপজেলার বিভিন্ন উন্নয়ন চাহিদা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, দেশের উন্নয়নের সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও আইনশৃঙ্খলা খাতে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
বক্তব্যে তিনি কওমি মাদ্রাসা খাতে পৃথক বরাদ্দ না থাকায় হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী কওমি মাদ্রাসায় অধ্যয়ন করলেও এ খাতের উন্নয়নে বাজেটে বিশেষ কোনো বরাদ্দ রাখা হয়নি। কওমি শিক্ষার আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এছাড়া দেশের মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সরকারি ভাতা চালুর দাবি জানিয়ে তিনি বলেন, সমাজে তাঁদের গুরুত্বপূর্ণ অবদান থাকা সত্ত্বেও আর্থিক নিরাপত্তার বিষয়টি এখনও যথাযথ গুরুত্ব পায়নি।
নিজ নির্বাচনী এলাকার অবকাঠামোগত উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সিলেট-৫ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার ও উন্নয়নের অপেক্ষায় রয়েছে। এসব সড়কের দ্রুত উন্নয়ন এবং চলমান প্রকল্পগুলো বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।
কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নে সুরমা নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়ে তিনি বলেন, সেতুর অভাবে হাজারো মানুষ প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন। সেতুটি নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সীমান্ত এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে জকিগঞ্জ ও কানাইঘাটে দুটি নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাবও তুলে ধরেন তিনি। এর মধ্যে কানাইঘাটের গাছবাড়ী এলাকায় এবং জকিগঞ্জের শাহবাগ এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান।
বক্তৃতার শেষাংশে সুরমা ও কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙন রোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিবছর নদীভাঙনের কারণে অসংখ্য পরিবার বসতভিটা ও কৃষিজমি হারিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সমস্যা সমাধানে দ্রুত টেকসই প্রকল্প গ্রহণ সময়ের দাবি।
জাতীয় সংসদে এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও জনদাবি তুলে ধরায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়দের প্রত্যাশা, উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে এবং সিলেট-৫ আসনের উন্নয়নে নতুন গতি সৃষ্টি হবে।
Leave a Reply