সিলেটের জকিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল মতিন স্মৃতি ট্রাস্টের উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) শাহবাগ কাজী বাড়িতে আয়োজিত এ বিতরণ কর্মসূচিতে ট্রাস্টের পরিচালক আলহাজ্ব কাজী রাকিবের সার্বিক তত্ত্বাবধানে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রী পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন এমন উদ্যোগ ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।
আয়োজকরা জানান, সমাজের প্রত্যেক বিত্তবান মানুষের উচিত অসহায়দের পাশে দাঁড়ানো। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা। তাদের মতে এভাবেই সমাজে শান্তি ফিরে আসবে এবং অসহায় মানুষের জীবনেও স্বস্তি ও আনন্দের পরশ লাগবে।
জানা যায়, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল মতিনের মানবিক আদর্শ ও সমাজসেবার চেতনা ধারণ করে দীর্ঘদিন ধরে ট্রাস্টটি গরিব দুঃখী ও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
অনুষ্ঠানের শেষে বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল মতিনের রুহের মাগফিরাত কামনা এবং দেশ জাতির শান্তি সমৃদ্ধি ও কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply