সিলেট থেকে জকিগঞ্জ,কানাইঘাট ও জাফলং পর্যন্ত রেললাইন সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এ লক্ষ্যে জকিগঞ্জ ও কানাইঘাট অঞ্চলে রেলপথ নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার (১ আগষ্ট) মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে তিনি এসব কথা জানান।
তিনি বলেন,দেশের প্রতিটি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার সরকারি পরিকল্পনার অংশ হিসেবে ঢাকা থেকে সিলেট হয়ে জকিগঞ্জ,কানাইঘাট ও জাফলং পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। রেল বিভাগকে আধুনিক ও গতিশীল করতে এ পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, জাফলং রুটের পাশাপাশি জকিগঞ্জ ও কানাইঘাট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং পর্যটন খাতের সম্ভাবনা কাজে লাগাতে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার প্রস্তুতি চলছে। সমীক্ষার প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ধাপে প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রস্তাবিত রেললাইন বাস্তবায়িত হলে সীমান্তবর্তী জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার মানুষের দীর্ঘদিনের রেল যোগাযোগের প্রত্যাশা পূরণ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একই সঙ্গে সিলেট অঞ্চলের ব্যবসা বাণিজ্য, পর্যটন, কৃষিপণ্য পরিবহন এবং আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
স্থানীয় বাসিন্দাদের আশা, সম্ভাব্যতা সমীক্ষার কাজ দ্রুত শেষ করে প্রকল্পটি অনুমোদনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এতে সীমান্ত অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টদের ধারণা।
Leave a Reply