সিলেটের জকিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাত দলের ব্যবহৃত একটি পিকআপ, একটি রামদা, একটি চাকু ও একটি বাঁশের লাঠি জব্দ করা হয়েছে। হামলায় এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন।
জকিগঞ্জ থানা পুলিশ জানায়, দস্যুতার একটি মামলার তদন্তের অংশ হিসেবে গত ৬ আগস্ট রাত ১১টার দিকে ৩ নম্বর কাজলসার ইউনিয়নের রতনগঞ্জ বাজার এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পূর্বে শনাক্ত হওয়া একটি ডাকাত দল পিকআপে করে ডাকাতির উদ্দেশ্যে ওই এলাকায় আসছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রতনগঞ্জ এলাকায় পিকআপটিকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুত পালিয়ে যায়। পরে ধাওয়া করে ৬ নম্বর সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া এলাকায় পৌঁছালে এসআই (নি.) মো. মোরশেদ আলম গাড়িটি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় পিকআপে থাকা এক ব্যক্তি ধারালো রামদা দিয়ে তাঁর মাথায় কোপ দিলে তিনি আহত হন।
পুলিশ জানায়, হুইসেলের শব্দে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাত দলের সদস্যরা পিকআপটি ফেলে পাশের হাওরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি পিকআপ, একটি রামদা, একটি চাকু ও একটি বাঁশের লাঠি জব্দ করা হয়।
পরদিন ৭ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে উপজেলার কালিগঞ্জ বাজার থেকে আটগ্রামের দিকে সিএনজিযোগে পালানোর সময় জকিগঞ্জ উপজেলার ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের ওয়াসার গ্রামের আব্দুল হাসিমের ছেলে মারুফ আহমদ (২০) ও একই ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামের কামাল আহমদের ছেলে দিদার আহমদ (২৩)—কে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন আগের একটি ছিনতাই মামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও পুলিশের ওপর হামলার ঘটনায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply