সিলেটের জকিগঞ্জ উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিচ্ছেন ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সুজিত কুমার চন্দ।
বৃহস্পতিবার (১৮ জুন) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের আদেশ দেওয়া হয়। সিনিয়র সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া স্বাক্ষরিত ওই আদেশে সুজিত কুমার চন্দকে জকিগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি ও পদায়ন করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। একই সঙ্গে সরকারি দাবি আইন, ১৯১৩ অনুযায়ী তাকে সার্টিফিকেট অফিসার হিসেবেও দায়িত্ব দেওয়া হয়েছে। আদেশ কার্যকরের লক্ষ্যে তাকে ২১ জুন বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করা হবে বলে জানা গেছে।
সুজিত কুমার চন্দ এর আগে মৌলভীবাজার জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এবং মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনে দক্ষতা ও সুনামের জন্য তিনি প্রশাসনিক মহলে পরিচিত রয়েছেন বলে জানা গেছে।
অন্যদিকে, বিদায়ী ইউএনও মাসুদুর রহমান গত বছরের ডিসেম্বরে জকিগঞ্জে দায়িত্ব গ্রহণের পর প্রশাসনিক কার্যক্রম, জনসেবা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন বলে জানা গেছে।
নবনিযুক্ত ইউএনও সুজিত কুমার চন্দের মাধ্যকে জকিগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সর্বস্তরের জনগণ।
Leave a Reply