সিলেটের জকিগঞ্জে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০ বোতল ভারতীয় মদসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার( ৯ মে) বিকেলে জকিগঞ্জ থানাধীন শাহগলী বাজার এলাকার গরুর হাট সংলগ্ন খেওয়া ঘাট রোড থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি আজমল হোসেন (৩৬) সিলেট জেলার কানাইঘাট উপজেলার চাউরা উত্তর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেট জেলা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাকের দিকনির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। শনিবার বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে এসআই মোরশেদ আলম ও এএসআই রমজান আলীর নেতৃত্বে পুলিশের একটি দল শাহগলী বাজার এলাকায় অবস্থান নেয়।
এসময় সন্দেহভাজন হিসেবে আজমল হোসেনকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৪০ বোতল ভারতীয় তৈরি অফিসার্স চয়েস প্রেস্টিজ হুইস্কি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে জকিগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ।
এ ঘটনায় আটক ব্যক্তিসহ পলাতক অন্য আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ২৪ (খ) ৪১ ধারায় জকিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ০৬ এবং তারিখ ০৯ মে ২০২৬।
পুলিশ জানিয়েছে, রোববার (১০ মে) আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জেলা পুলিশ জানায়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।
Leave a Reply